অবসাদ বা উদ্বেগের মতো মানসিক সমস্যার বড় একটি লক্ষণ হলো একাকীত্বের অনুভূতি। এই সমস্যার মোকাবিলায় দলবদ্ধ মানসিক স্বাস্থ্য কার্যক্রম অনেক বেশি কার্যকর হতে পারে। চলুন জেনে নিই এমন কিছু গ্রুপ অ্যাকটিভিটির কথা, যেগুলো একাকীত্ব কাটাতে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
কেন গ্রুপ মানসিক স্বাস্থ্য কার্যক্রম উপকারী?
গ্রুপ কার্যক্রম মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অজিত দান্দেকরের মতে, দলগত কর্মকাণ্ড সামাজিক সচেতনতা বাড়ায়, একাকীত্ব দূর করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে আত্মিক যোগাযোগ তৈরি করে। একই রকম অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে সময় কাটালে বোঝার সুযোগ তৈরি হয় এবং একজন আরেকজনকে মানসিকভাবে সহায়তা করতে পারেন।
*Social Science & Medicine* জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, খেলাধুলা বা শরীরচর্চার গ্রুপে অংশগ্রহণ বিষণ্নতা থেকে সুরক্ষা দিতে পারে।
একাকীত্ব দূর করতে সহায়ক ৬টি গ্রুপ মানসিক স্বাস্থ্য কার্যক্রম
১. শিল্পচর্চা ও বাগানকর্ম (Gardening)
– আর্ট অ্যান্ড ক্র্যাফট, থেরাপিউটিক হর্টিকালচার (যেমন গাছ লাগানো ও পানি দেওয়া) মন ভালো রাখতে দারুণ কার্যকর।
– এছাড়া SCIT (Social Cognition and Interaction Training)-এর মতো গ্রুপ থেরাপিও ভালো ফল দেয়।
২. স্বেচ্ছাসেবক দলে অংশগ্রহণ
– একই ধরনের মানসিক বা শারীরিক সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক দলে কথা বললে একে অপরের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ তৈরি হয়।
– ৮-১২ সদস্য বিশিষ্ট গ্রুপে আলোচনা সহজ হয়।
– প্র্যাকটিক্যাল গেম যেমন ‘সমস্যা সমাধান চক্র’ (*Problem-solving circle*), জার্নালিং ইত্যাদিও এই সময় করা যায়।
৩. ব্যায়াম ও খেলা
– ফিজিক্যাল অ্যাকটিভিটিগুলো যেমন— গণব্যায়াম, ফুটবল বা ব্যাডমিন্টন খেলা শুধু শরীরই নয়, মনকেও চাঙ্গা রাখে।
– Behavioral Sciences জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, এসব কার্যক্রম সামাজিক সংযোগ বৃদ্ধি করে, একাকীত্ব কমায় এবং মানসিক চাপ হ্রাস করে।
৪. দলগত নৃত্য (Group Dancing)
– জুম্বা বা ফ্রিস্টাইল নাচ মন ভালো করতে সাহায্য করে, যদিও বাংলাদেশের প্রেক্ষিতে এটি একটি দৃষ্টিকটু ইস্যু।
– এটি ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে মনকে ফুরফুরে করে তোলে।
– দলগত নৃত্য একই মানসিকতার ব্যক্তিদের মধ্যে সংযুক্তির অনুভূতি জাগায়।
৫. যোগব্যায়াম ও মেডিটেশন
– যোগব্যায়াম ও ধ্যান ব্যক্তি পর্যায়ে এবং দলগতভাবে করলেও মানসিক প্রশান্তি আসে।
– লাফটার যোগা বা পার্টনার যোগা যেমন সামাজিক বন্ধন গড়ে, তেমনই স্ট্রেস কমায়।
– গ্রুপ মেডিটেশন নিয়মিত করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে।
৬. দলবদ্ধ হাঁটা (Group Walking)
– বন্ধু বা পরিচিতদের নিয়ে প্রতিদিন হাঁটা— বিশেষ করে পার্কে বা প্রকৃতির মাঝে— একটি সহজ কিন্তু কার্যকর মানসিক স্বাস্থ্য কার্যক্রম।
– ‘নীরব প্রকৃতি হাঁটা’ (Silent nature walk)-ও একটি ভালো বিকল্প।
গ্রুপভিত্তিক মানসিক স্বাস্থ্য কার্যক্রমের সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
– নেতিবাচক দল এড়িয়ে চলুন: গ্রুপটি যেন নিরাপদ, সহনশীল ও সমর্থনমূলক হয় তা নিশ্চিত করুন।
– আগ্রহের মিল থাকা প্রয়োজন: অংশগ্রহণকারীদের আগ্রহ ও স্বস্তিপ্রাপ্তির বিষয় মাথায় রেখে কার্যক্রম বেছে নিতে হবে।
– সুপরিকল্পিত নেতৃত্ব: একজন দক্ষ ফ্যাসিলিটেটর থাকা উচিত, যিনি আলোচনা পরিচালনা করবেন এবং অংশগ্রহণ নিশ্চিত করবেন।
– নিয়মানুবর্তিতা: সেশন নিয়মিত হওয়া উচিত যাতে আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং দীর্ঘমেয়াদে সুফল মেলে।
– স্বচ্ছতা বজায় রাখুন: কেউ যেন চাপ বা বিচারবোধে না ভোগে, সে দিকে লক্ষ্য রাখতে হবে।
সম্ভাব্য কিছু ঝুঁকি ও সতর্কতা
যদিও দলভিত্তিক মানসিক স্বাস্থ্য কার্যক্রম উপকারী, তবে এতে কিছু ঝুঁকিও থাকতে পারে:
– কিছু মানুষ দলের মাঝে অস্বস্তি বা সামাজিক উদ্বেগ অনুভব করতে পারেন।
– অতিরিক্ত অংশগ্রহণ থেকে মানসিক ক্লান্তি বা আবেগজনিত ধকল হতে পারে।
– আলোচনা চলাকালে কিছু বিষয় অতীতের ট্রমা জাগিয়ে তুলতে পারে।
এসব সামাধানকল্পে সহযোগিতাপূর্ণ, নমনীয় ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়া উচিত।
পরিশেষে বলতে পারি, একাকীত্ব দূর করে মানসিক শান্তি ফিরে পেতে দলগত কার্যক্রম হতে পারে এক অসাধারণ উপায়। সঠিক দল ও কার্যক্রম বেছে নিয়ে আপনি নিজেকে আবারও জীবনের সঙ্গে যুক্ত করতে পারেন— সুখী ও সুস্থ থাকার জন্য এটি হতে পারে এক ইতিবাচক পদক্ষেপ।







